অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেয়ার জন্যই এই সহিংসতা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ জুলাই) সকালে হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে ঘটনাগুলো ঘটেছে, আর যেভাবে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা মারা গিয়েছে আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি। আর যারা আহত তাদের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আহত হয়ে যারা পা হারিয়েছেন তাদের আমি কৃত্তিম পা লাগিয়ে দেব, যেন হাঁটতে চলতে পারে।

সরকারপ্রধান বলেন, আমার কি এটাই অপরাধ, মানুষের জীবনমান উন্নত করার জন্য কাজ করেছি? সেই ২০০৮ আর ২০২৪ সালের বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবনমান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি কত উপরে উঠে গিয়েছিল। অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেয়াই এই সহিংসতার কারণ। এটা বোধহয় এর পেছনের ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক।

প্রধানমন্ত্রী আরো বলেন, আজকে এতগুলো মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলো পরিবারের ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? তাদের বিচার এই দেশের মানুষকে করতে হবে।