গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা। জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদসহ সব শহীদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
শফিকুর রহমান বলেন, ‘৭০ ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করে এখন আমাদেরও বলা হচ্ছে, “আপনারাও আসেন এ অগ্রাহ্যের মিছিলে।” আমরা জনগণের রায়ের পক্ষে আছি এবং গভীরভাবে আস্থা রাখি, ৭০ ভাগ ভোট বৃথা যাবে না। এ গণরায় বাস্তবায়ন হবে। সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে।’
ক্ষমতাসীন বিএনপি গণভোট মানছে না উল্লেখ করে সভায় শফিকুর রহমান বলেন, ‘গণভোটের ব্যাপারে বলা হয়, এটা তো সংবিধানে নেই। বলা হয়, এ চার প্রশ্ন এত জটিল, আমারই বুঝতে লাগে ৪ ঘণ্টা, জনগণ কীভাবে ভোট দিল।’ তিনি বলেন, ‘কেন? এ চার প্রশ্ন তো ১৭ দিন আগে থেকে প্রচার করা হয়েছে, সব গণমাধ্যমে খোলাসা করা হয়েছে, গোপন রাখা হয়নি।’
নির্বাচনের জন্য বিএনপি গণভোট মেনে নিয়েছে এবং ভোট পাওয়ার জন্য টোল মওকুফের কথা বলেছিলাম—সংসদে সরকারের দুজন মন্ত্রীর এমন বক্তব্যের কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘রাজনীতিবিদরা যদি জাতির সঙ্গে এ রকম প্রতারণা করেন, তাহলে এ দেশের মানুষ যাবে কোথায়? যারা দেশ চালাবেন, দেশের জন্য আইন ও নীতি তৈরি করবেন, তাদের ন্যূনতম একটা নৈতিক মানদণ্ড থাকা উচিত। নির্বাচনের আগে তারাও বললেন, আমরাও বললাম। ৭০ ভাগের মতো জনগণ গণভোটে “হ্যাঁ” বলল। এখন তারা বলেন, “৫১ শতাংশ মানুষ আমাদের রায় দিয়ে পাঠিয়েছেন, আমরা এটা মানব না। কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ।” ৫১ বড়, না ৭০ বড়?’
সংবিধান সংশোধন কমিটির বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে, কোনো সংবিধানে আছে কিনা। যদি না থাকে, এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেয়া, গণভোটকে ভুলিয়ে দেয়া।’










