উমরাহ পালন শেষে সৌদি আরবের মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৮-এর যাত্রীদের জমজমের পানি সরবরাহে এ বিলম্ব ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে, কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো পানি পৌঁছানো সম্ভব হয়নি।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিষয়টি নজরে আসার পর যাত্রীদের সাময়িক দুর্ভোগ কমাতে নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করা হয়। পরে অপর কন্টেইনারটি শনাক্ত করে সেখান থেকেও পানি সরবরাহ নিশ্চিত করা হয়।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভ্যন্তরীণ তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।









