দিনাজপুরের হিলিতে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। ৩০ বছর বয়সী ওই যুবক সম্প্রতি করোনা হটস্পট নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন। ওই যুবকের বাড়িসহ আশেপাশের ছয়টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় হিলির নওপাড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম সরেজমিন তার বাড়ি পরিদর্শন করে লকডাউন ঘোষণা করেন। এসময় সেখানে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, মেডিকেল অফিসার ডা. নাজমুস সাঈদ, ওসি আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন। ওই যুবক নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন, তার বাবাও ঢাকাতে থাকেন।

হাকিমপুর উপজেলার ইউএনও আব্দুর রাফিউল আলম জানান, ওই যুবক গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হিলিতে আসেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়। পরের দিনই তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে।  করোনা পজেটিভ নিশ্চিত হওযার পর রাতেই স্বাস্থ্য কর্মকর্তাসহ আমরা তার বাড়িতে যাই। তিনি সুস্থ আছেন, কোনো লক্ষণ উপসর্গ নেই। আমরা তার বাড়িসহ আশেপাশের ছয়টি বাড়ি লকডাউন করেছি। খাবার থেকে শুরু করে সব ব্যবস্থা  প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। 

আজ মঙ্গলবার তার বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান ইউএনও।