দিনাজপুর হিলিতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি ডিম পাঠিয়েছেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। 

আজ সোমবার সকালে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের হাতে এসব ডিম তুলে দেন উপজেলা চেয়ারম্যান। তারা শিক্ষার্থীদের তালিকা ধরে তাদের বাড়ি বাড়ি গিয়ে এসব ডিম পৌঁছে দিচ্ছেন। এসময় হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকারও উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের পরামর্শে করোনা ভাইরাস প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ছাত্র-ছাত্রীদের আমিষের চাহিদা মেটাতে উপজেলার স্কুল-কলেজ পড়ুয়া ৩ হাজার ৬০০ ছাত্র-ছাত্রীদের পরিবারের কাছে ১০টি করে ডিম পৌঁছানো হয়।

দেশের এই ক্লান্তিলগ্নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ধনী ব্যক্তিদের অসহায় পরিবারগুলোর পাশে থাকার আহ্বান জানান।