সনদ জালিয়াতির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে বরখাস্ত হওয়া পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। যশোরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে এ মামলা করেন দুদক যশোরের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী। আসামিরা হলেন যবিপ্রবির বরখাস্তকৃত সেকশন অফিসার (গ্রেড-২) মোছা. হাসনা হেনা ও সাকিব ইসলাম, বরখাস্তকৃত টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান, বরখাস্তকৃত সেকশন অফিসার (গ্রেড-১) জাহাঙ্গীর আলম ও বরখাস্তকৃত অফিস সহকারী সুমন হোসেন। যশোরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা প্রতারণার মাধ্যমে তাদের শিক্ষাগতযোগ্যতার সনদ জাল করে যবিপ্রবিতে চাকরি নিয়েছে।

এটি দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এর আগে ২০২৩ সালের ৪ ডিসেম্বর যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব বাদী হয়ে ওই পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন। এতে তাদের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে চাকরি নেয়ার অভিযোগ করা হয়। তবে আসামিরা সরকারি চাকরিজীবী হওয়ায় পুলিশ বিষয়টিকে জিডি হিসেবে নিয়ে দুদকে পাঠায়।