ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলতাফ হোসেন বিশ্বাস (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আলতাফ হোসেন বিশ্বাস ওই গ্রামের নকিব বিশ্বাসের ছেলে।

গ্রামবাসী জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বেড়বিন্নি গ্রামের শহিদুলের সঙ্গে শেখপাড়া বিন্নি গ্রামের সিরাজুল ইসলামের সমর্থকদের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এক সপ্তাহ আগে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক বিজু আহমেদ ও বকুল হোসেনকে  মারধর করে সিরাজুলের লোকজন। এরই জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আলতাফ বিশ্বাস মারা যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আক্তার জানান, হরিণাকুণ্ডু উপজেলার বেড়বিন্নি গ্রাম থেকে আহত হয়ে তিন রোগী হাসপাতালে আসেন। এর মধ্যে আলতাফ হোসেন বিশ্বাস মারা যান।

ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, সকালে বেড়বিন্নি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে একজন মারা যান। এ ঘটনায় রায়হান নামের একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।