রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসের ২০০ গজের মধ্যে আগানী তিনদিনের জন্য মিছিল, সভা-সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ক্যাম্পাসের আশেপাশের ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, লাউড স্পিকার ব্যবহার এবং পটকা ফোটানো নিষিদ্ধ । পাশপাশি ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শান্তিপূর্ণ ও সফলভাবে রাকসু নির্বাচন আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে এ আদেশ মেনে চলার আহ্বান জানিয়েছে আরএমপি।










