দেশের পাঁচ স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জে চারজন, চট্টগ্রাম, ফেনী ও কুড়িগ্রামে একজন করে নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
সাতক্ষীরা: পিকআপের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো চারজন। গতকাল সকাল ৯টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের নওয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনার পাইগাছা উপজেলার আরশাদ আলীর স্ত্রী নফজিলা খাতুন (৬০) ও লক্ষ্মীখোলা গ্রামের আবুল কাসেমের স্ত্রী আছিয়া বেগম (৪৫)।
আশাশুনি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ছয় যাত্রী নিয়ে একটি ইজিবাইক সাতক্ষীরার দিকে যচ্ছিল। নওয়াপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে পিকআপ ধাক্কা দিলে ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
চাঁপাইনবাবগঞ্জ: গতকাল বেলা ১১টার দিকে শহরের শিবতলা মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশায় থাকা শিশু মো. রাফি (৮) গুরুতর আহত হয়। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথেই শিশুটি মারা যায়। মো. রাফি সদর উপজেলার কালীনগর গ্রামের মো. কাওসারের ছেলে।
অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার বটতলাহাট মালোপাড়া উপশহর এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের নিচে চাপা পড়ে খায়রুন নেসা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি চাঁইপাড়া নিমগাছির রুহুল আমিনের স্ত্রী। এ ঘটনায় রজব আলী (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম: সীতাকুণ্ডে সড়কে দাঁড়িয়ে ট্রাকের সঙ্গে ধাক্কায় লেগে অন্য ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার শুকলাল হাট শাহজালাল শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল (১৮) লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনোষার মৃত নূর ইসলামের ছেলে।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, চট্টগ্রামগামী সবজিবাহী মিনি ট্রাক মহাসড়কের শুকলাল হাট শাহজালাল শপিং কমপ্লেক্স এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়।
ফেনী: যাত্রীবাহী বাসের পেছনে পিকআপের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন (৩৫) মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের তাকিয়াপাড়া গ্রামের সায়েদ আলীর ছেলে। তিনি মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে সবজির ব্যবসা করতেন।
কুড়িগ্রাম: ট্রাকের ধাক্কায় সাদমান সাদিক (১৬) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে হিমু নামে আরেক কিশোর। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রামের ধরলা ব্রিজ পশ্চিম পাড়ের কাছে ট্যানারি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিক পৌর শহরের পলাশবাড়ী বানিয়াপাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে।









