পুরান ঢাকার বাদামতলী মার্কেটসংলগ্ন এলাকার সব অবৈধ পার্কিং ও দোকানপাট উচ্ছেদে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বাদামতলী এলাকার অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা নিরসনে ডিএসসিসি প্রশাসকের সহযোগিতা চান। বিষয়টি জানার পরপরই প্রশাসক অবৈধ পার্কিং ও স্থাপনা উচ্ছেদে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, সরকারি কোনো দফতর থেকে এমন দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত পাওয়া প্রেরণাদায়ক। প্রশাসকের সিদ্ধান্তের ফলে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হবে এবং বাদামতলী এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে সহায়ক হবে।
এদিকে, বাবুবাজার ব্রিজের নিচে নবনির্মিত কার পার্কিংয়ের কার্যক্রমও স্থগিত করেছে ডিএসসিসি। একটি জাতীয় দৈনিকে সিটি করপোরেশনের নাম ভাঙিয়ে ওই এলাকায় চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর বিষয়টি ডিএসসিসির নজরে আসে।
এর পরিপ্রেক্ষিতে ৩২ নম্বর ওয়ার্ডের বাবুবাজার ব্রিজের নিচে ‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত চারটি ব্লকের ২৮ হাজার ৫১ দশমিক ১২ বর্গফুট খোলা জায়গায় পরিচালিত কার পার্কিংয়ের সব কার্যক্রম পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশন জনগণের সেবার জন্য। নাগরিকদের ভোগান্তি সৃষ্টি বা কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজ সিটি করপোরেশন করবে না এবং অন্য কাউকেও করতে দেয়া হবে না।










