শিক্ষার্থীদের ‘নিরাপত্তা বিবেচনায়’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে আবাসিক শিক্ষার্থীদের আজ বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। সকালে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।


হল ভ্যাকেন্টের ঘোষণার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন।


জরুরি সিন্ডিকেটের এমন সিদ্ধান্তের খবরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে লাঠিসোটাসহ মিছিল নিয়ে বিক্ষুব্ধদের সঙ্গে যোগ দিচ্ছেন অন্যরাও।


উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তে জানানো হয়, গত ১৪, ১৫ ও ১৬ জুলাই কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো।