ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা পাঁচদিন ধরে পানি নেই। এতে হাসপাতালের ভর্তি থাকা রোগী, তাদের স্বজন এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শত শত মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালে পানি নেই। বাধ্য হয়ে ভর্তি রোগীর স্বজনরা দূরবর্তী খাল বা পুকুর থেকে বালতিতে কিংবা বোতলে পানি সংগ্রহ করছেন। অনেক রোগী ও স্বজন অভিযোগ করেছেন, পানি না থাকায় গোসল ও শৌচাগার ব্যবহার করা সম্ভব হচ্ছে না। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে রোগীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ৫৫ বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার সময় স্থাপিত সাবমার্সিবল টিউবওয়েলটি অকেজো হয়ে পড়েছে। কয়েক দফা মেরামত করা হলেও তাতে স্থায়ী সমাধান হয়নি। অন্যদিকে ভূ-গর্ভস্থ পানির স্তরও নিচে নেমে গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের রাসেল জানান, দীর্ঘদিন ধরেই টিউবওয়েলটিতে সমস্যা দেখা দিচ্ছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তিনবার মোটর পরিবর্তন করা হলেও প্রতিবারই তা পুড়ে যায়। বর্তমানে পরীক্ষায় দেখা গেছে, মাটির নিচে পানির স্তর (লেয়ার) পাওয়া যাচ্ছে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, টিউবওয়েলের পাইপ পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এতে যদি পানির সমাধান না হয়, তবে বিকল্প হিসেবে হাসপাতালের পুকুর থেকে অস্থায়ীভাবে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।