দেশের ব্যাংক খাতের সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিতে ব্যাংকগুলোতে মেধাভিত্তিক ও জবাবদিহিতামূলক মানবসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য মানবসম্পদ নীতিমালায় শীর্ষ নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের উত্তরাধিকার পরিকল্পনা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া প্রবেশিকা পদগুলোতে লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষা নেয়া এবং অন্যান্য উচ্চতর পদে অন্য প্রতিষ্ঠান হতে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও প্রতিযোগিতামূলক ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে দেশের তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়া হয়। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে নতুন মানবসম্পদ নীতিমালা হালনাগাদ করে ব্যাংকের পরিচালনা পর্ষদের মাধ্যমে অনুমোদন করিয়ে বাস্তবায়নের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন এ নির্দেশিকা অনুযায়ী প্রতিটি ব্যাংকের মানবসম্পদ নীতিমালায় ১৮টি মৌলিক বিষয় অন্তর্ভুক্ত রাখতে হবে। এর মধ্যে রয়েছে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পদ্ধতি, শিক্ষানবিশ কাল ও স্থায়ীকরণ, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন, বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধাদি, কর্মকর্তাদের জন্য ঋণ সুবিধা, কর্মদক্ষতা মূল্যায়ন, জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি ও পদাবনমন এবং পদায়ন ও বদলি ব্যবস্থা। একইসঙ্গে ব্যাংকের শীর্ষ নির্বাহী বা ‘সি-স্যুট’ পর্যায়ের কর্মকর্তাদের জন্য সুনির্দিষ্ট উত্তরাধিকার পরিকল্পনা, চাকুরির অবসান, ইস্তফা, চাকুরিচ্যুতি ও পুনঃনিয়োগ পদ্ধতি, ছুটি ও অনুপস্থিতির নিয়মাবলি, আচরণবিধি, স্বার্থের সংঘাত ব্যবস্থাপনা, দাপ্তরিক গোপনীয়তা রক্ষা এবং হুইসেল ব্লোয়ার নীতিও নীতিমালায় পরিষ্কারভাবে অন্তর্ভুক্ত থাকতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া ব্যক্তিস্বার্থ নিরসনে ব্যক্তিগত ব্যবসা বা অন্য পেশায় নিয়োজিত থাকার ওপর বিধিনিষেধ, কর্মী অসন্তোষ নিরসন ব্যবস্থা, অনিয়ম ও অপরাধের শাস্তি এবং আপিল প্রক্রিয়া, অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরি এবং কর্মস্থলে হয়রানি প্রতিরোধের মতো আধুনিক প্রশাসনিক সুরক্ষা ব্যবস্থা যুক্ত করাও বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নীতিমালা প্রণয়নের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুযোগের সমতা নিশ্চিত কার্যকর করতেও বেশ কিছু নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ম্যানেজমেন্ট ট্রেইনি, প্রবেশনারি অফিসার, জুনিয়র অফিসার কিংবা ট্রেইনি ক্যাশ অফিসারের মতো প্রবেশিকা পদগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জাতীয় পর্যায়ের অন্তত ২টি দৈনিক পত্রিকা এবং ব্যাংকের ওয়েবসাইট বা জব সাইটে বিজ্ঞপ্তি প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। এসব পদে স্বচ্ছতা নিশ্চিতকরণে সশরীরে বা অনলাইন পরীক্ষার পাশাপাশি লিখিত ও মৌখিক মূল্যায়নের মাধ্যমে সর্বাধিক যোগ্য ও মেধাবী প্রার্থীদেরই বাছাই করতে বলা হয়েছে। এমনকি অভিজ্ঞদের ক্ষেত্রে বা উচ্চতর পদে অন্য প্রতিষ্ঠান থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রেও অন্তত প্রতিযোগিতামূলক মৌখিক পরীক্ষার আয়োজন নিশ্চিত করতে হবে।










