বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেছেন, ‘আমাদের কাছে আলাদিনের চেরাগ নেই। ১৬ বছরের অনিয়ম-দুর্নীতি ১৬ দিনেই অপসারণ করা সম্ভব নয়। তবে আমরা সব সেক্টরের বৈষম্য নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করছি।’
গতকাল মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত ৩৫ মেগাওয়াট স্পেক্ট্রা সোলার পার্ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সহসাই বিদ্যুতের দাম কমানো যাচ্ছে না। কারণ প্রতি বছর এ খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হচ্ছে। এর আগে বেশি দামে বিদ্যুৎ কেনায় এ সমস্যা হয়েছে। কম দামে বিদ্যুৎ না কেনা পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হবে।
বন্যা নিয়ে উপদেষ্টা বলেন, ‘বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বন্ধ রয়েছে। বন্যা-পরবর্তী সময়ের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক রেহেনা আকতারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










