রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের বারান্দা থেকে পড়ে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার। সে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, বুধবার রাত ৮ টার দিকে ৩য় তলার বারান্দা থেকে পড়ে যান শাহরিয়ার। বিকট শব্দ পাওয়ার পর কয়েকজন দেখতে পেলে তার কাছে ছুটে যান। ততক্ষণে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী হল থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।