বাগেরহাটে গবাদিপশুর বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। নকল ওষুধ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অপরাধে ব্যবসায়ী গোবিন্দ চক্রবর্ত্তীকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। একই সঙ্গে বাগেরহাট শহরের দশানীস্থ সাবেক কচুয়া পট্টীতে অবস্থিত একটি নকল ওষুধ তৈরির কারখানা সিলগালা করা হয়েছে।
আজ বুধবার বিকালে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ আদেশ দেন। এসময় বাগেরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপারভাইজার এমডি মেহেদী আফজাল পল্লব উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত গোবিন্দ চক্রবর্ত্তী বাগেরহাট শহরের সুরেশ চক্রবর্ত্তীর ছেলে এবং টিএস অ্যাগ্রোভেট নামক গবাদিপশুর ওষুধ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বাগেরহাট সদরের ইউএনও মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, টিএস অ্যাগ্রোভেট নাম দিয়ে কতিপয় লোক গবাদিপশুর নকল ওষুধ তৈরি করছিলেন। গণমাধ্যম কর্মীদের দেয়া খবরের ভিত্তিতে সরেজমিনে এসে সত্যতা পাই। গোবিন্দ চক্রবর্ত্তীর ব্যবসার কোনো লাইসেন্স নেই। দুই কক্ষের ওই প্রতিষ্ঠানের সামনে কোনো সাইনবোর্ডও দেয়া ছিল না। তিনি ব্যবসার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই তাকে আইন অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার প্রতিষ্ঠানে পাওয়া ১৩ ধরনের বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় দুই বছর ধরে এখানে অপরিচিত কিছু লোক আসা যাওয়া করে। মাঝে মাঝে বিভিন্ন পরিবহনে গবাদিপশুর ওষুধ সরবরাহ করা হতো।









