ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাই নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে ভালুকা উপজেলার সিডস্টোর বাজারের ঢালীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর জেলার সদর উপজেলার নূর ইসলামের ছেলে মনিরুজ্জামান(৩৩) এবং জুবাইদুল ইসলাম (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার সিডস্টোর বাজারের ঢালীর মোড় এলাকায় ঢাকাগামী ট্রাকের পেছনে ধাক্কা লাগে নিহতদের বহনকারী পিকআপের। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন পিকআপে থাকা দুই সহোদরসহ পিকআপ চালক। এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিত্সক মনিরুজ্জামান এবং জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ভালুকা হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আক্তারুজ্জামান জানান, পিকআপটি জব্দের পর তল্লাশি করে মিষ্টির প্যাকেটে ৩ লাখ ১৩ হাজার ৭০০ টাকা এবং ১ লাখ টাকার একটি চেক পাওয়া যায়, যা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতরা ব্যবসায়ীক কাজে ঢাকা যাচ্ছিলেন।









