নতুন কাঠামো অনুযায়ী বেতন দাবিতে গাজীপুরের শ্রীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। গতকাল সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস লিমিটেডের কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবশ্য বেলা ১১টার দিকে জনপ্রতিনিধির আশ্বাসে তারা সড়ক অবরোধ ছেড়ে কাজে যোগ দেন।

শ্রমিকরা জানান, সরকার ঘোষিত নতুন কাঠামোয় জানুয়ারিতে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা করেনি। বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা সুরাহা না করায় শ্রমিকরা আন্দোলন শুরু করেন। বছর শেষে ছুটি ভাতা পরিশোধ না করে জোর করে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। এছাড়া ওভারটাইমসহ নানা বিষয়ে শ্রমিকরা অসংগতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এদিকে শ্রমিক অসন্তোষের খবরে ঘটনাস্থলে আসেন মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন। তিনি বলেন, ‘আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যাগে নেয়া হয়েছে। আন্দোলনরত শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলে তারা কাজে যোগ দেন।’

কারখানার শ্রমিক ফাহিমা বেগম বলেন, ‘সরকার ঘোষিত নতুন কাঠামোয় জানুয়ারিতে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা করেনি। এ বিষয়ে কথা বলতে গেলে কারখানার ইনচার্জ আজাদ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরে তার অফিস থেকে আমাদের বের করে দেন।’

সোহেল রানা বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে অল্প বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। যে বেতন পাই তা দিয়ে বাসা ভাড়া আর দোকানের বাকি পরিশোধ করলেই সব টাকা শেষ হয়ে যায়।’