চাঁদপুরের ডাকাতিয়া নদীর ওপর কয়েক দশক আগে সেতু নির্মাণ করা হয়। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নকে সংযুক্ত করা সেতুটি ওই সময় শুধু হালকা পরিবহন চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়। উপজেলা সদরের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম সড়ক হিসেবে সেতুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন সেতুটি সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়েছে। হালকা যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ করা দরকার বলেও জানান সেখানকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা মমিন জানান, ছোট ছোট যানবাহন পারাপার হলেও সেতুটি কেঁপে ওঠে। দুর্ঘটনা এড়াতে সেতু দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। এজন্য ভারী যানবাহনকে ২০ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। সেতুটি সংস্কার করা হলে মানুষের দুর্ভোগ লাঘব হবে।

এলাকাবাসী জানান, কয়েক দশক আগে ফরিদগঞ্জের ডাকাতিয়া নদীর ওপর কাঁটাখালী সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি দিয়ে আশপাশের কয়েকটি ইউনিয়নের প্রায় ১২-১৩ হাজার মানুষ চলাচল করে। সেতুর বিভিন্ন স্থানে গর্ত ও ফাটল দেখা দিয়েছে। রেলিংয়ের আস্তর খুলে রড বেরিয়ে এসেছে। এছাড়া সেতুর কলামের রডগুলোয় মরিচা ধরে খসে পড়েছে।

ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মদ জানান, এটি অনেক পুরনো সেতু। একই জায়গায় নকশা করে নতুন সেতু নির্মাণ করা হবে। দ্রুতই নির্মাণকাজ শুরু হবে বলে প্রত্যাশা করেন তিনি।