দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত ভোররাত সাড়ে ৩টায় হিলির মধ্যবাসুদেবপুর এলাকা থেকে ফেনসিডিলসহ তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন ওই এলাকার বাবুল হোসেনের ছেলে ইমন হোসেন (২৫) ও হিলির নওদাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (২৪)।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ভারত থেকে মাদকের একটি বড় চালান নিয়ে চোরাকারবারি দল দেশে প্রবেশ করতে পারে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সেখান থেকে ১ হাজার ৩০০ বোতল ফেনসিডিলসহ ইমন ও মশিউর নামের দুই যুবককে আটক করা হয়। তারা দুজনই কুখ্যাত মাদক ব্যবসায়ী, তারা দীর্ঘদিন ধরেই এ ব্যবসা চালিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক গতকাল সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, হিলি একটি সীমান্তবর্তী এলাকা। খুব অল্প সময়ের মধ্যেই মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মাদক নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে থাকে। তাই পুলিশের পক্ষে একাই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এজন্য সব প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।









