বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন, এ পদ্ধতিতে নির্বাচন করতে চান, তাদের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রয়েছে।

আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত সদর উপজেলার এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশের মালিক জনগণ। এ দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। এ অধিকার আদায়ের আন্দোলন করেছি আমরা। জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে।

টুকু বলেন, আগামী নির্বাচনে যদি জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে প্রত্যেক বাড়িতে পর্যায়ক্রমে একটি করে ফ্যামেলি কার্ড দেয়া হবে। কার্ডটি থাকবে মায়েদের নামে। এর মাধ্যমে মায়েরা প্রতি মাসে টাকা পাবেন। এতে করে মায়েদের শক্তি আরো বৃদ্ধি পাবে। বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপির এই নেতা আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। জনগণই নির্ধারণ করবে আগামীতে বাংলাদেশ কে পরিচালনা করবে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে কিশোর গ্যাং তৈরি করে সারাদেশে মাঠে নামিয়েছিল। আজকের কিশোররা আগামীর বাংলাদেশ। কিশোরদের আগামীতে আর কেউ যেন ব্যবহার না করতে না পারে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব।

এ সময় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ ছিলেন।