বাংলাশে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, কিশোর গ্যাংয়ের পিছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে। আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করা হবে। কিশোররা অস্ত্র নিয়ে, চাপাতি নিয়ে ঘুরবে না। তারা বই-খাতা নিয়ে স্কুলে যাবে, লেখাপড়া করবে, শিক্ষিত হবে, কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করবে। তারা রোবটিক যুগে প্রবেশ করবে।

শুক্রবার (২ অক্টোবর) এফডিসিতে কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমে চৌধুরী কিরণ।

চিফ হুইপ আরো বলেন, এখন যারা সমাজে সন্ত্রাস ও মব করছে বিগত শাসনামলেও তারাই এ অপকর্মের সাথে যুক্ত ছিলো। তাদেরকে আমরা ছেঁকে বের করার চেষ্টা করছি। আমরা কোন হেলমেট বাহিনী দেখতে চাইনা, হাতুড়ি বাহিনী তৈরির কোন ইচ্ছে বর্তমান সরকারের নেই।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক কারবারি, জুয়ারিরা সব সময় ক্ষমতার পালাবদলের সাথে নিজেরে রাজনৈতিক খোলস পাল্টায়। এদের কোন রাজনৈতিক পরিচয় নেই। বিগত শাসন আমলে যারা রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাং পরিচালনা করতো তারাই আবার বর্তমান ক্ষমতাসীনদের নাম ভাঙ্গিয়ে কিশোর অপরাধ সংগঠিত করছে।

কিশোর গ্যাং কালচার প্রতিরোধ করতে রাজনৈতিক সচ্ছিার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারি দল - বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও জানান তিনি।

এর আগে “কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর” শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক এম এম বাদশাহ্, সাংবাদিক মনির মিল্লাত ও সাংবাদিক জাফর ইকবাল। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।