স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুষ্কৃতকারীরা নানা ধরনের অপপ্রচার চালাতে পারে। কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যেন কোনোভাবে সক্রিয় হতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজ বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবারে তিনি এসব কথা বলেন।

পার্শ্ববর্তী দেশ থেকে মাঝে মাঝে নানা ধরনের গুজব ছড়ানো হয়, তবে সাংবাদিকরা সত্য তুলে ধরায় এখন তা অনেকটাই কমেছে উল্লেখ করে তিনি বলেন, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই এসব গুজব প্রতিহত করা সম্ভব। এভাবে গণমাধ্যম সঠিক সংবাদ প্রচার করলে কোনো গুজবই কাজে আসবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা (প্রতিবেশী দেশ) সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গুজব রটাতে পারে, এ বিষয়ে আপনাদের (সাংবাদিকদের) সচেতন থাকতে হবে। যারা জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়াবে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন সব ধরনের অপপ্রচার ব্যর্থ হবে।

মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।