আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই যতই প্রোপাগান্ডা, যতই বিষোদ্গার, যতই আন্দোলনের নামে বিশৃঙ্খলা-ষড়যন্ত্র করা হোক না কেন শান্তিপূর্ণ নির্বাচন হলে রংপুরসহ দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। তারা নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আকুল অপেক্ষা করছে।’
গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর জনসভাস্থল রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন কিংবা পৌরসভা নির্বাচনের ফলাফল আর জাতীয় নির্বাচনের ফলাফল এক হয় না। প্রধানমন্ত্রীর উন্নয়ন চারদিকে ছেয়ে গেছে। নির্বাচনের আগে আগামীকালের (আজ) সমাবেশ অনেক গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু কন্যা উত্তরবঙ্গকে ঘিরে যে স্বপ্ন দেখেছেন তা সমাবেশে জনগণের কাছে সাজিয়ে বলবেন।’
রংপুরের উন্নয়ন নিয়ে তিনি বলেন, ‘বিগত দেড় দশকে রংপুরের কেমন উন্নয়ন হয়েছে তা দেখার জন্য সৈয়দপুর বিমানবন্দরে যেতে হবে। এখানে সকাল থেকে রাত পর্যন্ত ১৮টি বিমান ওঠানামা করে। এ লোকগুলো কি বেকার, তারা কি এখানকার প্রকৃতি দেখতে আসে? না, এরা পঞ্চগড় পর্যন্ত যায় কাজের জন্য। আবার কাজ শেষে বিমানে করে ফিরে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশ নিয়ে রংপুরের একটি আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা করেছেন। ব্যবসা-বাণিজ্যের ব্যাপারে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। জয়দেবপুর থেকে ছয় লেন রাস্তা এলেঙ্গা হয়ে রংপুরের দিকে আসছে। রংপুর থেকে বুড়িমারীর দিকে যাবে একটি পার্ট, অন্যটি যাবে বাংলাবান্ধা পর্যন্ত। সড়কপথে চললেই রংপুর বিভাগের আমূল পরিবর্তন চোখে পড়বে।’










