দেশের বিভিন্ন স্থানে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা
ও কোটা সংস্কারের দাবিতে বাড্ডার নতুন বাজার সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) শিক্ষার্থীদের আন্দোলনে নতুনবাজার এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের রাস্তা অবরোধ কর্মসূচি পালনের কারণে নতুনবাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা হাতে লাঠি নিয়ে সড়কে অবস্থান করছেন। সকাল সাড়ে ১০টায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা নতুন বাজার ব্রিজ সংলগ্ন সড়ক অবরোধ করেন।
দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখার সময় ভাটারা থানার বাঁশতলা থেকে নতুন বাজার সড়কে লাঠি নিয়ে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন।
জানা গেছে, ১১টা ৪৫ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ভাটারা থানা
আন্দোলনরত শিক্ষার্থীরা প্লাকার্ড, ব্যানার হাতে নতুন বাজারের সামনে আসতে হঠাৎ তাদের
ওপর হামলা করে ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী ইউআইটিএসের সিএসই বিভাগের শিক্ষার্থী অর্পা ভৌমিক বলেন, ছাত্রলীগ দৌড়ে এসে যাকে সামনে পেয়েছে তাকেই ইচ্ছামতো মেরেছে। কয়েকজন শিক্ষার্থী বাজেভাবে জখম হয়েছেন। ছাত্রদের অনেককেই বুকে, পিঠে, হাতে লাঠি ও বাঁশ দিয়ে মেরেছে। মেয়েদের কয়েকজনকে বিচ্ছিন্নভাবে আঘাত করেছে। আমরা প্রাণের ভয় নিয়ে যে যেভাবে পেরেছি দৌড় দিয়েছি। আমি পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পাই। এ ঘটনার পরই আমরা সবাই আলাদা আলাদা জায়গায় আশ্রয় নিই। তারপর আবার পরিস্থিতি কিছুটা শান্ত হলে সবাই আমরা ভার্সিটির আরো সামনে এসে একত্রিত হই। এবং ছাত্ররা সবাই হাতে লাঠিসোটা তুলে নিই। এরপর আমরা নতুনবাজার এলাকা ঘেরাও করি।










