ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে টানা সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল সকাল ১০টায় এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ। এর আগে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। 

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘রাত দেড়টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে মাঝনদীতে কোনো ফেরি আটকে ছিল না। কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।’