ব্রাহ্মণবাড়িয়া সদরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ও আরেকজন আহত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সুলতানপুর-আখাউড়া বাইপাস সড়কের আলাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওমর ফারুক চিনাইর গ্রামের জারুলতলা এলাকার শওকত ভূইয়ার ছেলে। ফারুক গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। আহত ফজলে রাব্বী (২২) একই এলাকার আনু মিয়ার ছেলে।

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর অভিমুখী দিগন্ত বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ জন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কলেজ শিক্ষার্থী ওমর ফারুককে মৃত ঘোষণা এবং গুরুতর আহত ফজলে রাব্বীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দিগন্ত বাসটিকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।