আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা নীতি ও কারো রক্তচক্ষুকে ভয় করেন না। প্রয়োজনে ডাল-ভাত খাবেন, কিন্তু কারো কাছে মাথানত করবেন না।’ নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মিলনায়তনে গতকাল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে এমন মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘সারা দেশে আজ অনেক উন্নয়ন হয়েছে, এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি আন্দোলন করছে। যে দল আন্দোলনে হেরে যায়, সে দল নির্বাচনেও হারবে।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি গত সাড়ে ১৪ বছর আন্দোলন করে সফল হতে পারেনি, আগামী চার মাসেও পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল শক্তি এ দেশের জনগণ। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। রক্ত ঝরিয়ে বা আন্দোলন করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না। যে হাত দিয়ে ভাংচুর করতে আসবে, জ্বালাও-পোড়াও করতে আসবে সে হাত ভেঙে দেয়া হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা এখন এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। গত ৪৮ বছরে এমন সৎ, সাহসী ও দক্ষ নেতা এ দেশে জন্মাননি। তিনি ৩ ঘণ্টা ঘুমান, বাকি সময় দেশের জন্য কাজ করেন। সততার দিক দিয়ে বিশ্বের প্রথম সারির কয়েকজন নেতার মধ্যে তিনিও একজন।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘আজ দারিদ্র্য নিরসনের জন্য বাংলাদেশ অনুসরণীয়। শেখ হাসিনা যতক্ষণ ক্ষমতায় আছেন ততক্ষণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। এমনকি কারো কাছে মাথানত করেন না। এমন সাহসী উচ্চারণ কোনো নেতার মুখে কখনো শোনা যায়নি।’ সরকারের সব উন্নয়ন জনগণের সামনে তুলে ধরে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত মওদুদ আহমদকে ইঙ্গিত করে বলেন, ‘আগে ভোট দিয়ে বানিয়েছেন। বিশাল বিশাল মন্ত্রী ছিল, পদে ছিল। কিন্তু আমার এলাকার দিকে তাকায়নি। আমার যা প্রতিশ্রুতি, আমি পূরণ করব।’

একই দিন বিকালে নোয়াখালী জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সভায় তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ জানে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে পালিয়ে গেছে তারেক রহমান। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আন্দোলন করবে এটা বিশ্বাস হয়? তাদের আন্দোলনের এত টাকা কোথা থেকে আসে? এ অপশক্তিকে রুখতে হবে।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির চোখ শুকিয়ে এসেছে। আন্দোলনে জোয়ার নেই। রমজান গেলে বলে কোরবানি, কোরবানি গেলে বলে পরীক্ষা। সাড়ে ১৪ বছর কেটে গেল, আন্দোলন হবে কোন বছর?’

তিনি বলেন, ‘১৬ বছর আগে তারেক রহমান মুচলেকা দিয়ে রাজনীতি থেকে পালিয়ে গেছে। কিন্তু দেশের হাজার কোটি টাকা লুটপাট করে এখন আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে দেশের জনগণ এ অপশক্তির ডাকে আর সাড়া দেবে না।’