প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশীদের ভিসা বন্ধ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে।’ গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাম্প্রতিক দুবাইয়ে ভিসা বন্ধের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে যেভাবে মেট্রোরেলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, বিদেশেও তারাই বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার জন্য একই কাজ করেছে। আমি মনে করি, একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াত-বিএনপির প্রতাত্মারা যেমন কর্মকাণ্ড করেছিল তাদের শাস্তি হয়েছিল। তেমনিভাবে দুবাইয়ে আন্দোলন করে তারা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এজন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এটি তাদের রাষ্ট্রীয় বিষয়।’

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের ব্যাপারে তিনি আরো বলেন, ‘আমাদের কাছে লিখিত কোনো অর্ডার আসেনি। আমরা সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও কিছু জানে না। বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছি, তিনিও কিছু জানাননি। শ্রমবাজার বন্ধ হয়েছে কিনা, এ ব্যাপারে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। জানলে আমরা গণমাধ্যমকে জানিয়ে দেব। আমি সবাইকে অনুরোধ করব, সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবেশন করার জন্য, দেশের উপকার হবে। মানুষের বিভ্রান্তিও কমবে।’

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের বিষয়টি কি ভিত্তিহীন? সাংবাদিকের এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে এখনো কোনো খবর আসে নাই, চিঠি আসে নাই।’

কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া ঘটনাবলির পরিপ্রেক্ষিতে গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশীরা। ওই বিক্ষোভের দায়ে সোমবার ৫৭ বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। এর একদিন পরই বাংলাদেশীদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধ করে দেশটি।’