দ্বাদশ জাতীয়
সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে রাঙ্গামাটিতে লিফলেট বিতরণ করেছে জেলা
বিএনপি। তবে পুলিশের বাধার মুখে মাঝপথেই থেমে যায় এ কর্মসূচি।
আজ শনিবার
(২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের কাঠালতলীতে দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট
বিতরণ কার্যক্রম শুরু করে জেলা বিএনপি। এসময় কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক
দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর
রশীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুবদলের কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক
আবু সাদাৎ মো. সায়েমসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ
কর্মসূচি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বনরূপা মৈত্রী বিহার এলাকায় পৌঁছালে
পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানেই কর্মসূচি শেষ করে দলটি।
এসময় বিএনপি
নেতারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ অভিহিত করেন। তারা নির্বাচন বর্জন
করে অসহযোগ আন্দোলনে সমর্থন জানিয়ে সরকার পতনের আন্দোলনে সবাইকে সামিল হবার আহ্বান
জানান।
এর আগে কর্মসূচি
চলাকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম
শাকিল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় মামুনকে ধাক্কা মারেন শাকিল।









