ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, আজ সোমবার সকালে ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এনসিপি মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিব নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগে গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। আমি এ অন্যায় ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি।
বিবৃতিতে তিনি আরো বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেশবাসী মেনে নেবে না।










