বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা স্বাধীন। এক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে তারা ভোট দেবে। এখানে কোনো রাজনৈতিক দল নোট অব ডিসেন্ট দেয়নি।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি।

উচ্চকক্ষ গঠিত হোক সেটি ৩১ দফায় আমরা প্রথম আলোচনা করেছি উল্লেখ করে তিনি বলেন, আমরা এখনো সেই জায়গায় আছি। যারা সমাজের বিভিন্ন সেক্টরে অবদান রেখেছে তাদেরকে নিয়ে সমৃদ্ধ একটি উচ্চ কক্ষ নির্মাণ করা হোক। তবে প্রাপ্ত ভোটের অনুপাতে (পিআর পদ্ধতিতে) নয়।

রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়ে তিনি বলেন, কিছু অতিরিক্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেয়ার কথা আমরা বলেছি। যাতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে।

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কয়েকটি রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে সে বিষয়ে বিএনপির অবস্থান জানতে চেয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫'- যেটি আমাদের কাছে অলরেডি কমিশন থেকে পাঠানো হয়েছে সেখানে আলা আছে- সংসদ গঠনের ২ বছরের মধ্যে এ অঙ্গীকার ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কথা বলেছে। এ নিয়ে সংবিধানসহ যতো জায়গায় পরিবর্তন করতে হবে তা যেন করা হয়। এ বিষয়ে আমরা একমত।