স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শুধু টিকা দিয়েই নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, আমাদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে হবে। সবাই মিলে চেষ্টা করলে বাংলাদেশ থেকে করোনা নিয়ন্ত্রণ করা সহজ হবে। গতকাল দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার।

অপরদিকে গতকাল দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাতপাতালে মা মরহুমা ফৌজিয়া মালেকের স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

কর্নেল মালেক মেডিকেল কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাক্তার মো. জাকির হোসেনের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক ইউসুফ ফকির, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক গৌতম রায়, প্রকল্প পরিচালক ডাক্তার খান মোহাম্মাদ আরিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।