জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেল চারটার মধ্যে আবাসিক হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়টির জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এসব বলা হয়েছে।
তবে এ সিদ্ধান্ত পর বিশ্ববিদ্যালয়টির একমাত্র ছাত্রীদের আবাসিক হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা প্রভোস্ট দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার বিজ্ঞপ্তি মৌখিক ভাবে স্থগিত করে হল প্রভোস্ট। মৌখিকভাবে স্থগিত আদেশ না মেনে প্রভোষ্টকের তালাবদ্ধ করে রাখেন ছাত্রীরা।
২টা ৩৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হলের প্রভোস্টকে তালাবদ্ধ করে রাখার খবর পাওয়া গেছে।
হলটির এক আবাসিক শিক্ষার্থী জানান, আমাদের বিক্ষোভের মুখে প্রভোস্ট মৌখিক ভাবে হলে থাকতে বললেও তিনি কোনো দায়ভার নিবেন না বলে জানান। এক পর্যায়ে লিখিতভাবে আবাসিক হলে থাকার জন্য নোটিশ দিতে প্রভোস্টকে তালাবদ্ধ করে ছাত্রীরা।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ৯৭তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে সব দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অবস্থানরত সব ছাত্রীকে নিরাপদ আবাসস্থলে যাওয়ার জন্য বিকেল সাড়ে চারটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।










