ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পুরুরা গ্রামে শিল্পী বেগম (২২) নামে এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রানা শেখের বিরুদ্ধে। ওই নারী একই গ্রামের শাহজাহান মোল্যার কন্যা।
গতকাল শুক্রবার রাত ৮টার সময় পুলিশ গিয়ে তার বাড়ির পাশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রানা শেখ ও তার সহযোগী তুহিন শেখ আটক করা হয়েছে।
নিহত শিল্পী বেগম করিম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ৫ বছর আগে মোকসেদপুর উপজেলার গারলগাতি গ্রামের রানা শেখের সাথে শিল্পীর বিয়ে হয়। তাদের তিন বছরের বয়সী একটি শিশু কন্যা রয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী জিন্নাহ জানান, খবর পেয়ে শুক্রবার রাত ৮টার সময় তার বাড়ির পাশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রানা ও তার এক সহযোগী পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।
এদিকে এ ঘটনায় স্বামী রানা শেখকে প্রধান ও তার সহযোগী তুহিন শেখকে আসামি করে একটি হত্যা মামলা (মামলা নম্বর ১১) দায়ের করেছে নিহতের পিতা।










