নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে ঢাকায ফেরার পথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাসটি সাময়িকভাবে রাস্তার পাশে পার্কিং করা হলে স্থানীয় একদল সন্ত্রাসী জোর করে টাকা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে সংঘর্ষের সৃষ্টি হয়।
একপর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শাহেদ ও মহসিনসহ একাধিক সাংবাদিক এবং ক্র্যাবের স্টাফ লাল আহত হন। গুরুতর আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ক্র্যাবের কার্যনির্বাহী কমিটি। সংগঠনটি মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।










