জয়পুরহাটের পুরানাপৈলে ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সাথে ঢাকাসহ সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে করে হিলি রেলস্টেশনে আটকে থাকা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে হিলি ছেড়ে চলে গেছে। তবে দীর্ঘক্ষণ আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছিলেন এর যাত্রীরা।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় হিলি রেলস্টেশনে রাজশাহীর উদ্দেশ্যে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আসলেও জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনার কারণে হিলি স্টেশনেই আটকে দেওয়া হয় ট্রেনটি। দীর্ঘক্ষণ ধরে আটকে থাকায় চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে বের হওয়া যাত্রীর গন্তব্যে পৌঁছতে না পেরে চরম বিপাকে পড়েন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী ও শিশু যাত্রীরা। খাবার, টয়লেটসহ নানা অসুবিধার মুখোমুখি হয়ে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে সময় কাটান তারা। উদ্ধার কাজ সমাপ্ত হওয়ায় দুপুর ১টা ৫৪ মিনিটে হিলি রেলস্টেশনে আটকে থাকা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
ট্রেনের যাত্রী কবির হোসেন বলেন, ব্যবসার কাজে রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে ফুলবাড়ি থেকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে উঠেছি। কিন্তু ট্রেন দুর্ঘটনার কারণে সেই সকালে বাড়ি থেকে বের হয়ে এখন পর্যন্ত হিলি রেলস্টেশনে আটকা পড়ে আছি। ২টার মতো এখানেই বেজে গেলো কখন যে লাইন ক্লিয়ার হবে আর আমরা কখন যাবো তাতে করে আমাদের তো মাল করাই হবে না। এতে করে আমি চরম বিপাকের মধ্যে পড়ে গেলাম।
ট্রেনের আরেক যাত্রী রফিক বলেন, রাজশাহীতে পড়ালেখা করি, সেকারণে বরেন্দ্র ট্রেনে করে রাজশাহীতে যাচ্ছিলাম। কিন্তু জয়পুরহাটে দুর্ঘটনার কারনে সকালের বরেন্দ্র ট্রেনটি সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু দুর্ঘটনার কারণে ২টা বাজতে চলেছে এখন পর্যন্ত ট্রেন ছাড়েনি। কখন যে ছেড়ে যাবে তার কোন নিশ্চয়তা নেই, আমরা চরম দুর্ভোগের মধ্যে আছি।
পরে ১টা ৫৪ মিনিটে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। হিলি রেলওয়ে স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, হিলি থেকে সকাল ৬টায় পাঁচবিবির উদ্দেশ্যে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। পাঁচবিবি থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে যাওয়ার পথেই গেট ৮৪ পুরানাপৈল নামক স্থানে সকাল ৬টা ৫৫ মিনিটে ট্রেন ও বাসের মুখোমুখির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয় এ কারণে রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেখানে রিলিফ ট্রেন পৌঁছে উদ্ধার কাজ করছে। উদ্ধারকাজ শেষ হওয়ায় আবারও এই পথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।
এছাড়াও দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। সেটিও দুর্ঘটনাকবলিত ট্রেনটির কোচগুলো নিয়ে সেগুলোকে পাঁচবিবি রেলস্টেশনে রেখে হিলিতে এসে বগিগুলোকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে দুপুর ১টা ৫৪ মিনিটে হিলি ছেড়ে চলে যায়। এর পরে কুড়িগ্রাম এক্সপ্রেস, দ্রুতযান ও রুপসা এক্সপ্রেস ট্রেনও হিলি রেলস্টেশন দিয়ে চলে যায়।









