সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে গভীর রাতে বোরকা পড়ে আবাসিক হল ছেড়েছেন রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। এছাড়া ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরাও সকালের মধ্যেই হল ত্যাগ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৩টার দিকে তারা পালিয়ে যান।। এর আগে, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ ৯ ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সময়ে ঢাবির আরো কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেয়া হয়। এ ঘটনার পরপরই ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হল থেকে পালিয়ে যান তারা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের নেত্রীরা আমাদের দীর্ঘদিন নানাভাবে নির্যাতন করেছেন। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই।

এ বিষয়ে জানার জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।