শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারই প্রথম আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতপন্থীদের চারটি প্যানেল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। শুক্রবার রাতে চারটি প্যানেলের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার জানান, শুক্রবার রাতে চার প্যানেলের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার রয়েছে ৫৬০ জন শিক্ষক, এর মধ্যে ১৩৬ জন শিক্ষাছুটিসহ অন্যান্য ছুটিতে রয়েছেন।
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সব দিক দিয়ে প্রস্ততি ভালো আছে। আজ ব্যালেট পেপারে ডিজাইন প্রকাশ করা হবে। আশা করি সবকিছু ঠিক থাকলে সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’
নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেলগুলোর মধ্যে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’
প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুল আলম ও সাধারণ সম্পাদক পদে অর্থনীতির বিভাগের ড. মো. মহিবুল হাকিম, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’
প্যানেল থেকে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের ড. কবির হোসেন ও সাধারণ সম্পাদক পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মোহাম্মদ সাইফুল আলম আমিন, ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’
প্যানেল থেকে সভাপতি হিসেবে এফইটি বিভাগের ড. মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক পদে গণিতের ড. মো. সাইফুল ইসলাম, ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক গ্রুপ’
প্যানেল থেকে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ড. মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যানের ড. মো. নজরুল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন।










