বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন গত ২৬ ও ২৭ জানুয়ারি চট্টগ্রাম সফর করেছেন। সফরে তিনি ব্যবসায়ী ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সফরের উদ্দেশ্য দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো মজবুত করা।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা প্রায় ৬০ হাজার মেট্রিক টন উন্নত মানের গমের একটি চালান গ্রহণ করেন। এটি মার্কিন কৃষক ও বাংলাদেশের আমদানিকারকদের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যের একটি উদাহরণ। পরে তিনি আমেরিকান কৃষিপণ্য আমদানিকারকদের সঙ্গে বৈঠক করে পণ্যের গুণগত মান নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তিনি বাণিজ্য ও পণ্য পরিবহন সংক্রান্ত বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে তাদের মতামত শোনেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বিএসআরএম স্টিল ও পাহাড়তলী টেক্সটাইল মিলস পরিদর্শন করেন। এ প্রতিষ্ঠানগুলো দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের কাঁচামাল ও উপকরণ ব্যবহার করে আসছে। তিনি তুলে ধরেন যে কীভাবে আমেরিকান উদ্ভাবন বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে অবদান রাখছে। এছাড়া তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে স্থাপিত নতুন আমেরিকান কর্নার পরিদর্শন করেন এবং চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নছরুল কদিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

চট্টগ্রাম সফরে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সেখানে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেয়া সাবেক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আমেরিকান পাইলট অফিসার উইলিয়াম বি. রাইসের কবরে শ্রদ্ধা জানান।