রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। নির্বাচনে ২ হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব দায়িত্ব পালন করবে।

সোমবার (১৩ অক্টোবর) বিকালে প্রশাসনিক ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয় সভা শেষে এসব জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১৫, ১৬ ও ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন। প্রয়োজন হলে এ মেয়াদ আরো বাড়ানো হবে। র‍্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাস এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাস ও আশপাশের এলাকার বাসিন্দাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকে।

রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে ও পরে তিন দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। তিনি বলেন, প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয়ে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।