আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ ১৩ অক্টোবর। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক কার্যালয় নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য ‘রেজিলিয়েন্স স্টার্টস অ্যাট হোম’ (ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি)।

২০২৬ সালের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের লক্ষ্য হলো দুর্যোগ ঝুঁকি হ্রাসে আবাসন বা বাড়ির কেন্দ্রীয় ভূমিকার বিষয়ে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি করা, দুর্যোগ সহনশীল আবাসন নিশ্চিতে সুশাসন ও বিনিয়োগের পক্ষে কথা বলা, আবাসন-সংক্রান্ত ঝুঁকি হ্রাসে বেসরকারি খাতের ভূমিকা জোরদার করা এবং যারা চরম ঝুঁকিতে রয়েছেন, সেসব পরিবার ও মানুষের পাশে দাঁড়ানো ও তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত দিবসের মূল অনুষ্ঠান আজ সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।