বিদেশী মিডিয়ায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আরো জানান, আজ এ বিষয়ে বিদেশী কূটনীতিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফ করা হবে। 

গতকাল সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশী মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে ভুল সংবাদ প্রকাশ করছে। আমরা সব ফরেন মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি, যাতে এ ধরনের বিভ্রান্তিকর নিউজ প্রকাশ না করে। আগামীকাল (আজ) আমাদের ডিপ্লোমেটিক কোর নিয়ে আমরা বসব, এ বিষয়ে তাদের আমরা ব্রিফ করব।

কোটা সংস্কার নিয়ে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতি ও শুক্রবার ছিল ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এ দুদিন দেশে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে। সর্বশেষ শুক্রবার ৫০ জনেরও বেশি অন্দোলনকারীর মৃত্যু হয়। এ পরিস্থিতিতে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করা হয় ও প্রশাসনকে সহায়তার জন্য সেনা মোতায়েন করা হয়। আজ বেলা ১০টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।