নারীর জন্য নিরাপদ রাষ্ট্র চেয়ে সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলসহ সচেতন মহলের মশাল ও বিক্ষোভ মিছিল-মানববন্ধনে উত্তাল হয়ে উঠেছে বরিশাল।
রোববার রাত ও সোমবার দিনভর অনুষ্ঠিত পৃথক কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার ঘটনার প্রতিবাদ জানানো হয়।
রোববার রাত ও সোমবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে অনুষ্ঠিত পৃথক মশাল মিছিল ও মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।
সোমবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ হয়। একই দিন সকালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, শের ই বাংলা মেডিকেল কলেজ, সরকারী আলেকান্দা কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলি কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে।
এদিকে সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এ কলেজ দুটির ছাত্রদলের নেতারা। একই সময় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এর আগে রোববার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে নথুল্লাবাদ বাসটার্মিনালের সামনে বিক্ষোভ করে ধর্ষণ বিরোধী মঞ্চ। এ ছাড়াও বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা পৃথক কর্মসূচি পালন করেছে।
নারী ও শিশু অধিকার ফোরাম মানববন্ধনে বক্তব্য দেন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির (দক্ষিণ) সদস্য সচিব আবুল কালাম শাহিন প্রমুখ।
মানববন্ধনে ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, ‘কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের তো দূরের কথা যৌন হয়রানিও মেনে নেয়া হবেনা। সারাদেশে যে ধর্ষণের ঘটনা ঘটছে সেটি দুঃখজনক। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হোক সেটাই চাই।’
পৃথক কর্মসূচিতে বক্তারা প্রায় একই সুরে বলেন, দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে ধর্ষণ, খুন বৃদ্ধি পেয়েছে। আছিয়ার ধর্ষণকারীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে। এক্ষেত্রে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। এ ছাড়া মব জাস্টিস নামে চলমান অস্থিতিশীল পরিবেশ রোধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।










