সাম্প্রতিক আন্দোলনের মধ্যে নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের মিরপুর ১০ নম্বর স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সেখানে যান প্রধানমন্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত ১৯ জুলাই বিকেল ৩টার পর থেকে বিক্ষোভকারীদের প্রায় ৩০০ জনের একটি দল মিরপুর ১০ নম্বরের স্টেশনের ডি ও এ গেট ভেঙে প্রবেশ করে। স্টেশনে গিয়ে তারা ব্যাপক ভাংচুর চালায়। এ সময় তাদের তাণ্ডবে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন ধ্বংসস্তুপে পরিণত হয়।

সহিংসতায় অচল মেট্রোরেলের মিরপুর ১০ ও কাজীপাড়ার স্টেশন দুটি পুনরায় চালু হতে অন্তত এক বছর সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দীকি বলেন, দুর্বৃত্তরা মেট্রোরেল স্টেশনটাকে এমনভাবে তছনছ করেছে তাতে মনে হয় যে, তাদের ভেতর সামান্যতম দেশাত্মবোধ নেই। এমন একটা সম্পদ ধ্বংস করার পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। জিনিসগুলোকে নষ্ট করা হয়েছে তার অধিকাংশই মেরামতযোগ্য নয়।