সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক হয়েছেন উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিপিডি।

এতে বলা হয়েছে, অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ ও উন্নয়ন কার্যক্রমে দেশে-বিদেশে প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে ড. নাজনীন আহমেদের। সিপিডিতে যোগদানের আগে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) দুই বছর বাংলাদেশে কান্ট্রি ইকোনমিস্ট এবং পরবর্তী তিন বছর নিউইয়র্কে ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক ব্যুরোর পলিসি অ্যাডভাইজার ছিলেন।

এর আগে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) ২৫ বছর গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন ড. নাজনীন। ১৯৯৮ সালের জুলাইয়ে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে বিআইডিএসে যোগ দেন তিনি। পরবর্তী সময়ে বিভিন্ন গবেষণা পদে দায়িত্ব পালন করে গবেষণা পরিচালক হন।

ড. নাজনীনের গবেষণা ও নীতি আগ্রহের মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনীতি ও উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান, সুশাসন, জেন্ডার সমতা, সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। দেশী-বিদেশী বিভিন্ন জার্নালে গবেষণা প্রবন্ধ, আন্তর্জাতিক প্রকাশনায় বইয়ের অধ্যায় এবং আন্তর্জাতিক সংস্থার গবেষণা প্রতিবেদনসহ তার বেশ কয়েকটি প্রকাশনা রয়েছে।

কর্মজীবনে বিশ্বব্যাংক, ডিএফআইডি, ইউএনসিটিএডি, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি), ইউরোপীয় ইউনিয়ন, আইএফপিআরআই ও আইডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছেন তিনি।

ড. নাজনীন নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে ডেভেলপমেন্ট ইকোনমিকসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি। তিনি চেভেনিং স্কলার ছিলেন।

সিপিডি জানিয়েছে, গবেষণা, জননীতি প্রণয়ন ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে ড. নাজনীনের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশে তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এগিয়ে নিতে প্রতিষ্ঠানটির চলমান প্রচেষ্টায় অবদান রাখবে।