ফেনীর ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকা থেকে ২৩ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ নম্বর পিলার সংলগ্ন পূর্ব ছাগলনাইয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলেও এ বিষয়ে কোনো সুরাহা হয়নি। স্থানীয়রা জানায়, সোমবার রাতে পূর্ব ছাগলনাইয়া এলাকার এক বাংলাদেশীকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে গুঞ্জন শুনে স্থানীয়রা খবর নিতে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। এ সময় বিএসএফ এগিয়ে এসে বাংলাদেশীদের ধাওয়া শুরু করে। এক পর্যায়ে তারা সেখান থেকে ২৩ বাংলাদেশীকে ধরে নিয়ে যায়।   

আটককৃতরা হচ্ছেন পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), সামিন (৪০), হারুন (২৩), লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মহসিন (২৫), কাজী রিপন (৪০), তাজুল ইসলাম সাকিল (২২), হানিফ (৩৫), আবুল হাসান (৩০), ইমরান (২২), রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), মো. ওবায়দুল হক (৪৪), জামাল উদ্দিন (৪০), আরিফ হোসেন (২৪), করিম (২০), ছাগলনাইয়া এলাকার মটুয়া এলাকার খোরশেদ (৩৮), আজাদ হোসেন (২৫), মাহিম (২৫), হারুন (৩২) ও ইমাম হোসেন (২২)।

ফেনীর ৪ বিজিবির অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সোমবার রাতের ঘটনায় মঙ্গলবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চোরাকারবারের অভিযোগে ২৩ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করে বিএসএফ। বৈঠকে আটককৃতদের তালিকা বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে দেয়া হয়েছে। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। গ্রেফতারকৃত বাংলাদেশী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র আমাদের হাতে এসেছে। এ বিষয়ে আমরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করব।