স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল যদি ধ্বংসাত্মক ও গণবিরোধী কোনো কার্যক্রম করে, তাহলে সংবিধান অনুযায়ী কঠোরভাবে দমন করা হবে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেটের সাগরদীঘিরপাড় ওয়াকওয়ে পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

সিলেটের উন্নয়নের সরকার সব সময় আন্তরিক উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, সীমাবদ্ধতা স্বত্ত্বেও সিলেটের জন্য প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন করা হচ্ছে। হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণের (র.) স্মৃতিবিজড়িত আধ্যাত্মিক এ নগরীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আলাদা ভাবে মূল্যায়ন করেন। এ জন্য তিনি এবারও নির্বাচনী কার্যক্রম সিলেট থেকেই শুরু করেছেন। এ নগরীর উন্নয়নে সরকার থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ও ড.একে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ রাহিম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানসহ অনেকে।