ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একাধিক দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রোববার (১০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ফেনীর ফাজিলপুর এলাকার নজির আহাম্মদ ব্রিক ফিল্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার জামান (৪২), সুলাইমান (৩৮), লোকমান হোসেন (৩০) ও নাহিদ (২৫) ও নোয়াখালীর সুবর্ণচরের ইলিয়াস (২৬)।
পুলিশ জানায়, মহাসড়কের ফেনী অংশে নিয়মিত টহলের সময় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ব্যাক কাভার থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ২টি স্টিলের পাইপ, ১টি চাকু, ১টি ছুরি ও ২টি লোহার কাটার হ্যাকস ব্লেড উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে ফেনীর মহিপাল হাইওয়ে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম জানান, আটক ব্যক্তিদের মধ্যে ইলিয়াসের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম ও চট্টগ্রামের মিরসরাই থানায় ডাকাতির মামলা রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।










