বগুড়ার নন্দীগ্রামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির ১৮ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আইলপুনিয়া মানুষমারী পাকা রাস্তা এলাকা থেকে এ চাল উদ্ধার করে স্থানীয়রা। এ সময় খাদ্য অধিদপ্তরের সিলমোহরকৃত বস্তাভর্তি চালসহ একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়েছে। তবে চাল কালোবাজারি কৌশলে পালিয়ে গেলেও ভ্যানচালককে পুলিশে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া মানুষমারী পাকা রাস্তা এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে চালভর্তি অটোভ্যানসহ চালক জাহাঙ্গীর আলমকে (২৮) আটকের পর তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটক জাহাঙ্গীর আইলপুনিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। এ ঘটনায় রাতেই ভ্যানচালককে আসামি করে মামলা দায়ের করেছেন আইলপুনিয়া গ্রামের নজিবুল্লাহ মজনু মন্ডল নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।
মামলার বিবরণে বলা হয়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির ১৮টি বস্তায় ৫৪০ কেজি চাল অটোভ্যানে করে কুন্দারহাট বাজারে যাচ্ছিলেন চালক জাহাঙ্গীর। পথিমধ্যে আইলপুনিয়া মানুষমারী এলাকায় পাকা রাস্তার ওপর চালভর্তি ভ্যানসহ চালককে আটক করে স্থানীয়রা। প্রতিটি চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিলমোহর রয়েছে।
মামলার বাদী আওয়ামী লীগ নেতা নাজিবুল্লাহ মজনু জানান, ভ্যানচালক সরকারি চাল সংগ্রহ করে গুদামজাত এবং বিক্রি করার জন্য গোপনে কুন্দারহাট বাজারে নিয়ে যাচ্ছিলেন। তাকে হাতেনাতে আটক করা হয়।
নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ বস্তা চালসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ভ্যানচালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে।










